সরকারের দুর্বলতার কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে: নজরুল

547

সরকারের দুর্বলতার কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, দেশে জনগণের সরকার না হলে সেই সরকার হয় দুর্বল, আর তখনই জঙ্গিবাদ বৃদ্ধি পায়। এই সরকারের আমলে তাই হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জঙ্গিবাদের কোনো সুযোগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার পাবনা জেলা মহিলা দল আয়োজিত রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

‘বিএনপি নির্বাচনে গেলে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শুনে মনে হয়, জঙ্গিবাদ সর্ম্পকে তার ভালো ধারণা আছে। কিসে কমবে, কিসে কমবে না এটা তিনিই ভালো জানেন।

হাওর এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর সম্পর্কে ওবায়দুল কদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নীতিনির্ধার বলেন, হাওরের দুর্গত এলাকায় বিএনপি মহাসচিব গেছেন, মানুষকে সহায়তা করেছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো যাননি। ফলে বিএনপি হাওর নিয়ে রাজনীতি করছে বলে তার বক্তব্য কেউ গ্রহন করেনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু প্রমুখ।