প্রায়শ্চিত্ত করলেই ট্রাম্পের সঙ্গে আলোচনা সম্ভব

625

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেল বিক্রি বন্ধ করে দেয়ার মার্কিন প্রচেষ্টাকে অবাস্তব উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, মার্কিন সরকার তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে নানামুখী বিপদ তৈরি হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রেসিডেন্ট রুহানি বর্তমানে নিউ ইয়র্ক সফর করছেন। সেখানে তিনি সোমবার মার্কিন সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়ার সময় একথা বলেন। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে অন্যায় আচরণ থেকে সরে আসারও আহ্বান জানান।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ট্রাম্প বিনা কারণে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করছেন উল্লেখ করে রুহানি বলেন, যে কোনো আলোচনার আগে এসব অন্যায় আচরণ বন্ধ করতে হবে।

ইরানের সঙ্গে আলোচনায় বসার মার্কিন প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন সরকার যদি সততার সঙ্গে তার অতীত ভুলের প্রায়শ্চিত্ত করে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি চায় কেবল তাহলেই আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইরান ।

সূত্র: পার্সটুডে