প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন গ্রহণ করবে না বিএনপি: দুদু

642

ঢাকা সংবাদদাতা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বিএনপি গ্রহণ করবে না। ২০১৪ সালের নির্বাচনেও বিএনপি যেতে চেয়েছিল কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি সেটি সেই সময়ে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, এখনো বলি খালেদা জিয়াকে মুক্তি দিন। তার সঙ্গে আলোচনা করেন। তাহলে দেশে সুস্থ পরিবেশ সৃষ্টি হবে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক গোলাম সরোয়ারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হচ্ছে খালেদা জিয়ার মুক্তি এবং ২০ দলের দাবি মেনে নেয়া- এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আর এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।