ঢাকা সংবাদদাতা: নির্বাচনকে সামনে রেখে এক মাসের মধ্যে বিএনপি দেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে বলে যে দাবি করছে তা ভুয়া বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা এক মাসের মধ্যে বাংলাদেশের পরিবর্তনের স্বপ্ন দেখছে। এ স্বপ্ন এবারও দুঃস্বপ্নে রূপ নেবে।’
আজ বুধবার ঢাকা ক্লাবে নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া ‘গাঙচিল’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ওবায়দুল কাদের। সেখানেই সাংবাদিকদের সঙ্গে রাজনীতির সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘জাতিসংঘ থেকে কোনো আমন্ত্রণ পায়নি বিএনপি। তারা নিজে থেকেই নালিশ করতে সেখানে গিয়েছিল।’
নির্বাচনের ঠিক আগে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এ নিয়ে দেশে এখন সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে। এ ব্যাপারে বিএনপি খুবই আত্মবিশ্বাসী যে তারা নির্বাচনের আগে আগে দেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের মন্তব্য, ‘এগুলো পুরোটাই ভিত্তিহীন।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ যদি সাড়া না দেয় ১০ বছরে যেটা তারা পারেনি আগামী দুই মাসে সেটা পারবে এটা পাগলেও বিশ্বাস করবে না। এটা একটা হাস্যকর বিষয়।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের নামে যারা আমন্ত্রণের ভুয়া সংবাদ পরিবেশন করে, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে যারা ব্ল্যাকমেইলিং করে তাদের বাংলাদেশে ব্ল্যাকমেইলিং করার দিন শেষ হয়ে গেছে।’
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকার অক্টোবরের শেষ সপ্তাহে হয়ে যাবে আশা করি। পার্লামেন্টের মেম্বারের বাইরে কেউ এ সরকারে থাকবে না।’
আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ উপলক্ষে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। সেখানে তিনি জানান, নির্বাচনের আগে যতই ষড়যন্ত্র হোক না কেন সংবিধান অনুযায়ী যথাযথ সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।















