ইমরানের জমানায় পাকিস্তান-ভারত প্রথম বৈঠক

1119

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত ইসলামাবাদের সঙ্গে বৈঠক করতে চলেছে ভারত। চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে সিন্ধু কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে ভারতীয় কূটনৈতিক কর্মকর্তারা পাকিস্তান যাচ্ছেন বলে জানিয়েছেন কলকাতার শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার।

এর আগে গত মার্চ মাসে সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে শেষবারের মত বৈঠক হয়েছিল। পাক-ভারতের মধ্যে সম্পর্কের উন্নয়ন বিষয়ক যাবতীয় বৈঠক বন্ধ হয়ে গেলেও সিন্ধু কমিশন নিয়ে আলোচনা চালিয়ে গেছে দুই দেশ। কেননা এ জাতীয় আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকে ভারতের পররাষ্ট্র দপ্তর।

তবে পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলছে। ইমরান খান বলেছেন, তিনি দিল্লির সঙ্গে ‘বাধাহীন’আলোচনায় আগ্রহী। নভেম্বরে ইসলামাবাদে যে সার্ক সম্মলনে অনুষ্টিত হতে চলেছে এতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছেন ইমরান খান।

১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের তত্ত্বাবধানে পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু পানি বণ্টন নিয়ে দু’দেশের মধ্যে বারবার সংঘাত তৈরি হয়েছে। আসন্ন ইসলামাবাদ বৈঠকটি তাই সব দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।