সিলেট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন লন্ডন প্রবাসী নিহত ও স্থানীয় অন্তত আটজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত লন্ডন প্রবাসী ফারুক আহমদ (৪২) পৌরসভার বায়মপুর গ্রামের মৃত আসদ রাজার পুত্র।
স্থানীয়রা জানায়, উপজেলার পৌরসভাস্থ বায়মপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ইসলাম উদ্দিনের সাথে নিহত ফারুক আহমদের সাতবাঁক ইউপির ফসলী জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ নিয়ে পূর্বেও দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে জানা গেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টায় ফারুক আহমদের লোকজন বিরোধীয় জমিতে ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ ইসলাম উদ্দিনের লোকজন বাধা প্রদান করে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন আহত হন। এতে গুরুতর আহত অবস্থায় ফারুক আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।















