কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

417

ঢাকা সংবাদদাতা: কুমিল্লায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে মামলা পরিচালনায় ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

এর আগে গত ২৯ জুলাই বিএনপির আইনজীবীরা এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় মামলাটি করে পুলিশ।