ঢাকা সংবাদদাতা: রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল (৩৫)। তিনি রাজধানীর উত্তর গোরানের বাসিন্দা। তিনি মগবাজারের কমিউনিটি হাসপাতালে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সাতক্ষীরা রুটে চলাচলকারী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মগবাজারের ওয়ারলেস এলাকায় মোটরসাইকেলের এক আরোহীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক মহিবুল্লাহ বলেন, বাসচাপায় গুরুতর আহত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।















