পাকিস্তানে এক রাতে ১২ স্কুলে আগুন

694

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে রাতারাতি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে কমপক্ষে ১২টি স্কুল। বৃহস্পতিবার রাতে দেশটির গিলজিৎ-বালতিস্তান অঞ্চলের দিয়ামির জেলায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানায়, কে বা কারা এক রাতের মধ্যে কমপক্ষে ১২টি স্কুলে অগ্নিসংযোগ করেছে। এদের মধ্যে গার্লস স্কুল রয়েছে কমপক্ষে ছয়টি। স্কুলগুলোর বই পুস্তক এবং অন্যান্য জিনিসপত্র বাইরে এনে সেগুলোতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

তবে পাকিস্তানের অন্য সংবাদ মাধ্যম জিও নিউজ বলছে, যে ১২টি স্কুল পুড়িয়ে দেয়া হয়েছে তার সবগুলোই গার্লস স্কুল।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা বলছেন, বৃহস্পতিবার রাতে তারা বিস্ফোরণের শব্দ শুনেছে। তবে এই ঘটনা সম্পর্কে কোনো রিপোর্ট পায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে প্রায়ই স্কুল বিশেষ করে মেয়েদের স্কুলগুলোতে এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। দেশটির চরমপন্থি ধর্মীয় গোষ্ঠীগুলো বরাবরই শিক্ষা বিশেষ করে নারীশিক্ষার ঘোর বিরোধী।

সূত্র: ডন