ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের একটি হোটেলের কক্ষ থেকে তৌহিদুল ইসলাম (৩২) নামে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) -এর এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্মচারীদের কাছে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তৌহিদুল আইওএমের কর্মসূচি সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, গত ২৪ জুলাই সন্ধ্যায় হোটেল হলিডের ২০৩ নম্বর কক্ষটি ভাড়া নেন তৌহিদুল। গতকাল কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় পান হোটেলের কর্মচারীরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা বলছেন, নিহত তৌহিদুল হৃদরোগে আক্রান্ত ছিলেন। এ কারণেই তার মৃত্যু হতে পারে।















