ঢাকা সংবাদদাতা: বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ব্যাংককের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসি বাংলাকে জানান, ব্যাংকক সময় রাত সাড়ে নয়টায় সৈয়দ আশরাফুল ইসলাম মারা যান। সেখান থেকে তাঁর ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম এ খবর জানিয়েছেন।
সৈয়দ আশরাফুল ইসলাম শেখ হাসিনার মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনেও তিনি কিশোরগঞ্জের একটি আসন থেকে নির্বাচিত হন।
মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, আগামী শনিবার সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বাংলাদেশে আনা হবে।
সৈয়দ আশরাফ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের পুত্র।
১৯৭৫ সালে তার পিতাকে যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের আরও তিন জন নেতার সঙ্গে হত্যা করা হয়, তারপর সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে চলে যান।
১৯৯৬ সালে তিনি আবার দেশে ফিরে গিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
২০০৭ সালে বাংলাদেশে যখন জরুরী অবস্থা জারি করা হয়, তখন আওয়ামী লীগের এক সংকটকালে তিনি দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।















