ভারতে বাংলাদেশ নৌবাহিনীর বৈঠক

479

ঢাকা সংবাদদাতা: সমুদ্র দূষণ কমাতে ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে দুই দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ভারতের উত্তরপূর্বাঞ্চল নৌবাহিনীর মুখ্য কার্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনের এই বৈঠক।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সমুদ্র দূষণ রোধ ইস্যুতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো। তবে এদিনের বৈঠকে বিশ্বজুড়ে বেড়ে চলা সামুদ্রিক দূষণরোধে অঙ্গীকারাবদ্ধ দুই প্রতিবেশী দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনা করেন। ভারতের উত্তরের দ্বীপের শেষ মোহনা থেকে দূষণ রুখতে দুই দেশের পণ্য তেলবাহী জাহাজগুলি থেকে দূষণের মাত্রা যাতে না বাড়ে সেই বিষয়েও যেমন আলোকপাত করা হয়, তেমনি সমুদ্রের বুকে বিভিন্নভাবে ছড়ানো দূষণ রোধে ভারত ও বাংলাদেশ দুই দেশের নৌ-সীমান্তে যৌথ নজরদারির বিষয়টিও প্রথমদিনের আলোচনায় উঠে আসে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এদিনের আলোচনায় সামুদ্রিক দূষণের ফলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্যের যে পরিবর্তন হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরা হয়।

এই বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন এম ইশায়ুল্লা খান, ভারতীয় নৌবাহিনীর উত্তরপূর্বাঞ্চল বিভাগের ইন্সপেক্টর জেনারেল কুলদীপ সিং সহ দুই দেশের নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। শুক্রবার দুই দিনের এই বৈঠক শেষ হওয়ার কথা রয়েছে।