কয়লা দুর্নীতি: ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

510

নিজস্ব প্রতিবেদক: কয়লা কেলেঙ্কারির ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন চার কর্মকর্তার দেশত্যাগ আটকাতে বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. সামসুল আলমের স্বাক্ষরে পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন বিভাগে পাঠানো চিঠিতে এই চারজনের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

তারা হলেন- কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মদ, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুর-উজ-জামান চৌধুরী, কোম্পানি সচিব মো. আবুল কাশেম প্রধানীয়া ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর বিভাগ) এ কে এম খালেদুল ইসলাম। এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রি করে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কয়লা দিয়ে চলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। কিন্তু হঠাৎ করে কয়লা সঙ্কট দেখা দেয়ায় গত রোববার থেকে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন।

অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ লাখ ১৬ হাজার টন কয়লা বিক্রি করে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।