যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি, পরস্পরকে পাল্টা হুমকি

    556

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি রেশ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি পরস্পরকে পাল্টা হুমকি দিয়েছেন।

    বিবিসি জানিয়েছে, রোববার এক টুইটে রুহানিকে লক্ষ্য করে ট্রাম্প বলেছেন, আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েন না, তা না হলে এমন পরিণতি বরণ করতে হবে যা ইতিহাসজুড়ে অতি অল্প দেশই এর আগে বরণ করেছে।

    ট্রাম্পের এই হুমকির আগে যুক্তরাষ্ট্রকে শাসিয়ে রুহানি বলেছিলেন, ‘ট্রাম্প, দয়া করে ইরানের লেজ পা দেবেন না। তাহলে করুণ পরিণতি ভোগ করতে হবে।’

    যুক্তরাষ্ট্রক হুঁশিয়ার করে দিয়ে তিনি আরো বলেন, আমেরিকার জানা উচিত ইরান হচ্ছে সকল শান্তির মা (the mother of all peace)। ইরানে শান্তি থাকলে গোটা বিশ্বে শান্তি থাকবে। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। তখন সব যুদ্ধের জননী হবে ইরান। (mother of all wars)।

    ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে করা বহুজাতিক চুক্তি থেকে মে মাসে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। চুক্তির অপর অংশীদার যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির আপত্তি সত্বেও ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

    ইরানি প্রেসিডেন্ট রুহানির উদ্দেশ্যে করা নিজের টুইটে ট্রাম্প আরও বলেছেন, ‘আপনাদের উন্মত্ত সহিংসতা ও মৃত্যুর শব্দের সামনে দাঁড়িয়ে থাকা দেশ আর আমরা নেই। সাবধান হয়ে যান!’

    একইদিন ক্যালিফোর্নিয়ায় ইরানি আমেরিকান নাগরিকদের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের শাসনব্যবস্থা একটি সরকারের চেয়ে মাফিয়াদের সঙ্গেই মিলে বেশি।

    এ সময় তিনি ইরানি প্রেসিডেন্ট রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের নিন্দা করেন।

    সূত্র: বিবিসি