ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে পাহাড়ধসে এত মানুষ মারা যাওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে আনন্দ ভ্রমণে আছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিলে এই মন্তব্য করেন খালেদা জিয়া।
অতিবৃষ্টিতে পাহাড়ধস, পাহাড়ি ঢলের পানিতে ডুবে ও গাছপালা ভেঙে পড়ে পাঁচ জেলায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কেবল রাঙামাটিতেই প্রাকৃতিক এই দুর্যোগ কেড়ে নিয়েছে ১০৮ জনের প্রাণ। এ ছাড়া চট্টগ্রামে ৩৬ জন, বান্দরবানে ছয়জন, খাগড়াছড়িতে দুজন ও কক্সবাজারে দুজনের প্রাণহানি হয়েছে।
সোমবার থেকে পাহাড়ি এলাকাগুলোয় একের পর এক পাহাড়ধসে পড়তে থাকে। মঙ্গলবার সকাল থেকে হতাহতের খবর মিলতে থাকে।
‘এই পাহাড়ধসে ১৫৫ জন লোক মারা গেছে।… আর্মির লোকজনও সেখানে মারা গেছে এবং এখনো অনেক নিখোঁজ রয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেত্রী এখনো প্লেজার ট্রিপে (আনন্দ ভ্রমণ) আছে, আনন্দ ভ্রমণে আছেন তিনি। কাজেই তাঁর দেশের মানুষের প্রতি কোনো মমতা নেই’, বলেন বিএনপির চেয়ারপারসন।
‘সে (প্রধানমন্ত্রী) বলে সে নাকি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। দেশের মানুষ জীবন দিচ্ছে, তিনি ভ্রমণ করছেন। তাহলে কী প্রমাণ হয়? এতে কী প্রমাণ হয়? তিনি কি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত?’, যোগ করেন খালেদা জিয়া।















