ট্রাম্পকে ডায়াপার পরিয়ে উড়ানো হবে লন্ডনের আকাশে

948

ওয়ানবাংলানিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উড়বে ট্রাম্প বেলুন। চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের উপরের আকাশে ওড়ানো হবে ট্রাম্পের চেহারার আদলে তৈরি বেলুনটি।

তবে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান চেহারা ঠিক রেখে বেলুনটিকে ‘বেবি ট্রাম্প’ হিসেবে তৈরি করা হয়েছে। সেফটিপিন দিয়ে আটকানো একটি ডায়াপার পরানো হয়েছে তাকে। ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে যে বিক্ষোভের আয়োজন করা হয়েছে তাদের উদ্যোগেই তৈরি হয়েছে দৈত্যাকার বেলুনটি। ইতিমধ্যে লন্ডনবাসীর নজর কেড়েছে বেলুনটি।

উন্নতমানের প্ল্যাস্টিক ব্যবহার করে তৈরি হয়েছে কমলা রঙের বেলুনটি। এর উচ্চতা ৬ মিটারের বেশি। এটি ব্রিটিশ পার্লামেন্ট ভবনের ৩০ মিটার উপরে গিয়ে স্থির হয়ে থাকবে।

অবশ্য প্রথমদিকে এটি উড়ানোর অনুমতি দিতে রাজি ছিলেন না লন্ডনের মেয়র সাদিক খান। পরে ১০ হাজার বিক্ষোভকারীর লিখিত আবেদনের ভিত্তিতে তিনি এটি উড়ানোর অনুমতি দেন।

বৃহস্পতিবার মেয়র সাদিক খান বলেন, তিনি ১৩ জুলাই ২ ঘণ্টার জন্য এটি ওড়ানোর অনুমতি দেবেন। তিনি আরো বলেছেন, তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের বিপক্ষে নন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেদিকে খেয়াল রাখবেন।

১৩ জুলাই তিন দিনের সফরে লন্ডনে পৌঁছবেন ট্রাম্প। ওইদিন মার্কিন প্রেসিডেন্টের ব্রিটেন সফরের প্রতিবাদে ‘স্টপ ট্রাম্প’কর্মসূচির ডাক দিয়েছে বিক্ষোভকারীরা।

সূত্র: ইন্টারনেট