টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, দুর্ভোগ

923

সিলেট সংবাদদাতা: টানা বর্ষণে সিলেট নগরীর ব্যস্ততম সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তায় হাঁটু সমান পানি জমায় অনেক সড়কে যানজট সৃষ্টি হয়। আজ বুধবার ভোর থেকেই নগরীতে শুরু হয় এই বৃষ্টি।

বৃষ্টিতে সিলেটের বিপণিবিতান ও বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে পড়েছে রাস্তার পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

নগরীর কয়েকজন বাসিন্দা জানায়, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, মনিপুরী রাজবাড়ি, দরগাহ গেটসহ বেশির ভাগ এলাকায়। বারুতখানা এলাকার কয়েকটি দোকান, জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, জালালাবাদ হাউজ, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরে ঢুকে পড়েছে পানি।

হাঁটু সমান পানি জমে থাকায় রাস্তায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ধীর গতির কারণে অনেক সড়কে যানজট দেখা দিয়েছে। বিপণিবিতানে পানি ঢুকে যাওয়ায় সেখানে প্রবেশ করতে পারছেন না ক্রেতারা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ পসরা সাজানো ব্যবসায়ীরা। ক্রেতারাও পণ্য কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নদী উপচে পানি প্রবাহিত হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া নর্দমায় ময়লা আটকা পড়ে পানি নামতে দেরি হচ্ছে। বৃষ্টি থামলে পরিচ্ছন্নতাকর্মীরা কাজে লাগবে।

আরিফুল হক চৌধুরী বলেন, আজ সকাল থেকে তিনি জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেছেন। দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।