ঢাকা সংবাদাদতা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামী মাসে ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন। এসময় তিনি সন্ত্রাস দমনে সহযোগিতা ও তরুণদের মধ্যে জঙ্গিবাদের প্রবণতা কমাতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
রাজনাথের বাংলাদেশ সফর শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে। তিনি তিন দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। দুই নেতা সন্ত্রাসবাদ দমনসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করবেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমাবার টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজনাথ সিংয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারাও বাংলাদেশে সফর করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং দুই দেশের মধ্যে সন্ত্রাসদমন কৌশল কীভাবে আরো শক্তিশালী করা যায় এবং তরুণদের সন্ত্রাস থেকে দূরে রাখার বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া দু’দেশের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, গবাদি পশু, মাদক ও অস্ত্রের চোরাচালানকে দমন করার উপায় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এছাড়া ভারতের পক্ষ থেকে সীমান্ত দিয়ে ক্রমাগত জাল নোট আসা ও বাংলাদেশের দুর্বৃত্তদের হাতে বিএসএফ জওয়ানদের আক্রান্ত হওয়ার কথাও তুলে ধরবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া















