সরকার গঠনে ডিইউপি’র সঙ্গে চুক্তির পথে টেরিজা মে

930

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের একাদিক মিডিয়া মনে করছেন কনজারভেটিভ সংখ্যালঘু সরকার গঠনে নর্দান আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে বুধবারই চুক্তি সই করতে পারেন প্রধানমন্ত্রী টেরিজা মে। এক টুইট বার্তায় বিবিসি’র পলিটিকাল এডিটর লরা কুয়েন্সবার্গ জানান, “ডিইউপি-টোরি (কনজারভেটিভ) চুক্তির জন্য চূড়ান্ত দ্বিপাক্ষীয় বৈঠক আগামীকালই শেষ হবে বলে এখন আশা করা হচ্ছে।” মঙ্গলবার ডেমক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) শীর্ষ নেতা আরলেন ফস্টারের সঙ্গে বৈঠক করেন মে।

সকালে ডাউনিং স্ট্রিট অফিসে ওই বৈঠকের পর দুই নেতা দুই পথে বেরিয়ে আসেন। হাউজ অব কমন্সের স্পিকার নির্বাচনের জন্য মে সেখান থেকে পার্লামেন্টে যান। দিন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে সাক্ষাতের জন্য তার প্যারিস যাওয়ার কথা রয়েছে।

ওদিকে, মে’র সঙ্গে বৈঠকের পর ফস্টারের টুইট, “সরকারের সঙ্গে আলোচনা ঠিকঠাক পথেই চলছে। আমরা আশা করছি দ্রুতই এটি কাজে পরিণত হবে এবং আমরা একটি সফল সমাপ্তি টানতে সক্ষম হব।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিবিসি বলছে, চুক্তিতে পৌঁছার চূড়ান্ত বৈঠকটি বুধবারই হওয়ার কথা রয়েছে। তবে ডিইউপির সঙ্গে কনজারভেটিভদের চুক্তি হলে নর্দান আয়ারল্যান্ডের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।

কারণ, ব্রিটিশপন্থি ডিইউপির সঙ্গে আইরিশ ক্যাথলিক ন্যাশনালিস্টদের বিরোধ দীর্ঘদিনের। আইরিশ ক্যাথলিকরা চায় নর্দান আয়ারল্যান্ড যুক্তরাজ্য ছেড়ে আয়ারল্যান্ডের সঙ্গে যোগ দিক। সাবেক প্রধানমন্ত্রী জন মেজর আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিইউপি’র সঙ্গে চুক্তি নর্দান আয়ারল্যান্ডে সহিংসতা আবারও উসকে দিতে পারে।

প্রায় দুই দশক আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির মাধ্যমে নর্দান আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়।
সূত্র: বিডিনিউজ