ঢাকা সংবাদদাতা: ওমরা পালনের জন্য সৌদি আরব যাওয়া ইয়াবা ব্যবসায়ীদের কথিত ডন এমপি বদি আবার দেশে ফিরেছেন। রোববার সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বদির সঙ্গে তার স্ত্রী শাহিন আকতার ও ছেলে শাওন আরমান ছিলেন।
এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান, এমপি বর্তমানে ঢাকার ন্যাম ভবনে তার সরকারি বাসায় রয়েছেন। এখান থেকে তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন। আগামী সপ্তাহে কক্সবাজারে যাবেন তিনি।
মাদকবিরোধী অভিযান চলাকালে গত ৩১ মে ইয়াবা ব্যবসায়ীদের কথিত ডন এমপি বদি হঠাৎ সৌদি আরবে ওমরা পালনে চলে যান। সে সময় বদির বিদেশ গমনকে নিয়ে সারা দেশে নানা গুঞ্জন ওঠে।
তখন এমপি বদি গণমাধ্যমকে বলেছিলেন, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন।















