আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মনিপুরে বন্যায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ছয়জন। এদের মধ্যে রোববার আসামেই মারা গেছে পাঁচজন, বাকি একজন মনিপুরের বাসিন্দা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
গত কয়েক দিনের বন্যায় ভারতের তিনি রাজ্য আসাম, মনিপুরে ও ত্রিপুরায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩য়ে গিয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে আসামেই মারা গেছে সবচেয়ে বেশি। গত তিন দিনে এখানে মারা গেছে ১২ জন। তবে রোববার থেকে ওই ৩ রাজ্যের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
ভারতে বন্যা কবলিত রাজ্যগুলোর মধ্যে আসামের অবস্থা সবচেয়ে ভয়াবহ। ওই রাজ্যে রোববার এই দুর্যোগে আরও পাঁচজন প্রাণ হারিয়েছে। এখানে মোট মৃতের সংখ্যা ১২ জন। বন্যায় আক্রান্ত হয়েছে রাজ্যের মোট পাঁচটি জেলার সাড়ে ৪ লাখ মানুষ। তবে করিমগঞ্জ জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই জেলার প্রায় সোয়া ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। তবে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা বলছেন, রোববার থেকে এ রাজ্যের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।যদিও ইম্ফল নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মনিপুর রাজ্যের বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। প্রধান প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে আরও একজন প্রাণ হারিয়েছে। এ নিয়ে ওই রাজ্যে বন্যায় সবমিলিয়ে মারা গেছে আটজন।
এদিকে ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। বন্যায় এ রাজ্যে মোট তিনজন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩২ হাজার মানুষ। এদের অনেকেই এখনও ত্রাণ শিবিরে অবস্থান করছে।
সূত্র: এনডিটিভি















