খেলাধুলা ডেস্ক: রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন স্পেনের বর্তমান কোচ হুলেন লোপেতেগি। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে তিন বছরের চুক্তিতে লোপেতেগিকে নিয়োগ দেয়ার খবরটি জানায় রিয়াল কর্তৃপক্ষ। রাশিয়া বিশ্বকাপের পর ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দিবেন স্পেনের সাবেক এই গোলরক্ষক।
গত ৩১ মে হঠাৎ করেই পদত্যাগের সিদ্ধান্ত জানান তার কদিন আগেই রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান।
পর্তুগালের ক্লাব পোর্তোয় দুই বছর কোচিং করানোর পর ২০১৬ সালের জুলাইয়ে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন লোপেতেগি। তার অধীনেই আসছে বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে খেলতে নামবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।
রিয়াল মাদ্রিদ মূল দলের হয়ে একটি ম্যাচ খেলা লোপেতেগি ২০০৩ সালে স্পেন অনূর্ধ্ব-১৭ দলের সহাকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পোর্তোয় যাওয়ার আগে স্পেন অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের কোচিং করান।














