খেলাধুলা ডেস্ক: মিসরের বিশ্বকাপ স্বপ্নের কাণ্ডারী তিনি। কিন্তু চোটের কারণে দূরে সরে থাকতে হচ্ছিল। অবশেষে জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন মোহামেদ সালাহ। তাতে বেড়েছে বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে মিসরের প্রথম ম্যাচে তাকে পাওয়ার আশাও।
শনিবার কায়রোতে মিসরের অনুশীলন দেখতে গ্যালারিতে উপচে পড়েছিল দর্শক। সালাহর উপস্থিতি দর্শকদের আনন্দও বাড়িয়ে দেয় কয়েকগুণ।
সালাহ অবশ্য মূল অনুশীলনে যোগ দেননি। কেবল বল পায়ে খানিকটা কারিকুরি করেছেন।
গত ২৬ মে কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান সালাহ। সেই চোটের পর এই প্রথম মাঠে ফিরলেন লিভারপুল ফরোয়ার্ড।
সালাহকে নিয়ে মিসরের যে শঙ্কা ছিল, বিশ্বকাপের চারদিন আগে তা অনেকটাই কেটে গেছে। ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সালাহদের বিশ্বকাপ মিশন।














