ঢাকা সংবাদদাতা: সরকার চায় খালেদা জিয়া পঙ্গু ও দৃষ্টিহীন হয়ে যাক। এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র ও বিচার বিভাগ শেষ। সংসদ আগে থেকেই নেই। এসব বিষয়সহ শেয়ারবাজার ও ব্যাংক লুটের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন করছিলেন বলেই তাকে বন্দি করে একটি পরিত্যাক্ত কারাগারে রাখা হয়েছে। সে কারাগারে আর কোনো কয়েদি নেই। কিন্তু তিনি অসুস্থ। তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়ার সুপারিশ করেছিলেন চিকিৎসকরা। তবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি এবং চিকিৎসা দেয়া হয়নি।
তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসা যদি করা না হয় তাহলে তিনি পঙ্গু ও দৃষ্টিহীন হয়ে যেতে পারেন। আর সরকার চায় তিনি পঙ্গু ও দৃষ্টিহীন হয়ে যাক।
আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্তি না দিলে অন্য পন্থায় মুক্ত করে আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যা করা প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে। তার জন্য সর্বোচ্চ যে পর্যায়ে যাওয়া প্রয়োজন সেখানেই যেতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের পতন ঘটিয়েছি। কিন্তু আজ আমাদের প্রতিপক্ষ শক্তিশালী। যারা ১৯৭৫ সালে গণতন্ত্র হরণ করেছিল এবং ১৯৮২ সালে যারা গণতন্ত্র হরণ করেছিলো তারা এক হয়েছে। সুতরাং তাদের পতন ঘটাতে হবে।
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।















