লাইফস্টাইল ডেস্ক: মুখে ব্রণ ও এর দাগ ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। ঈদের আগে অনেকেই কমাতে চাইছেন ব্রণ। কিন্তু ঈদের মাত্র বাকি আর কিছু দিন। তাই যদি উৎসবের দিনটিতে ব্রণ মুক্ত ত্বক পেতে চান তাহলে অবশ্যই আজ থেকেই শুরু করুন এই ফেসিয়ালটি।
এর প্রতিটি ধাপেই থাকবে ত্বককে দাগ মুক্ত করার উপাদান। যেহেতু এই ফেসিয়ালের পুরো প্রক্রিয়াতে কোনো কেমিক্যাল ব্যবহৃত হচ্ছে না, তাই এটি প্রতি সপ্তাহে একবার করে করলেও কোন ক্ষতি নেই। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই এর প্রক্রিয়াটি।
১) ফেসিয়ালের প্রথম ধাপেই মুখটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে নিজের পছন্দ মত ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে নিন। এই ধাপে একটা দরকারি কথা হল, নিজের মুখে কিন্তু আপনি নিজেই ম্যাসাজ করতে পারবেন।
কিন্তু আপনি যদি ফেসিয়াল ম্যাসাজের সঠিক নিয়ম না জেনে থাকেন। তাহলে এটা করলে উপকারের চেয়ে অপকার বেশি হবে। তখন এই ধাপটি বাদ দেয়াই ভাল।
২) ম্যাসাজের পরে হালকা কোন ক্লিঞ্জার দিয়ে মুখ ধুয়ে নিন। এইবারে একটা স্ক্রাব লাগাতে হবে মুখে-
• টমেটোর রস ২-৩ টেবিল চামচ
• টক দই ১ টেবিল চামচ
• ওটমিল পরিমাণমত ( যাতে একটা ঘন পেস্ট বানানো যায় )
• পানি পরিমাণমত
প্রথমে পানি ও ওটমিল নিয়ে এর সাথে যোগ করুন টমেটোর রস ও টক দই। ঘন করে পেস্ট বানিয়ে পুরু করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা হাতে ঘসে তুলে ফেলুন। এরপরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
৩) এরপরে চাইলে একটু গরম ভাপ নিয়ে মুখে ব্ল্যাকহেডস থাকলে তুলে ফেলুন। তবে প্রতিবার ফেসিয়ালের সময়ে এটি করা যাবে না। এটি মাসে ২ বার করাই যথেষ্ট।
৪) এবারে একটি প্যাক লাগাতে হবে। এর উপাদানগুলো চলুন দেখে নেই-
• ডিমের কুসুম- ১ টি
• কলা- ১ টি
• কয়েক ফোঁটা লেবুর রস
খুব সহজ বানানো। কুসুম ফেটে নিয়ে তাতে কলা ব্লেন্ড করে বা কাঁটাচামচ দিয়ে মিশিয়ে নিন। যদি গন্ধ লাগে তাহলে ২ ফোঁটা গোলাপজল দিতে পারে। সাথে মেশান লেবুর রস। প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫) এবারে লাগাবো একটা রিফ্রেশিং ফেস মাস্ক-
• টকদই- ১ টেবিল চামচ
• মুলতানি মাটি -১ টেবিল চামচ
• পুদিনা পাতা বাটা- ১ চা চামচ
মুলতানি মাটি টকদইতে আগে থেকেই আধ ঘণ্টার মত ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। এরপরে এর সাথে পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে সাথে সাথেই ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে অথবা বরফ ঘষে নিন।
৬) এবারে লাগাবো টোনার। তবে কেনা নয়। ঘরে থাকা আলু ঝুরি করে কেটে নিয়ে একটু চিপে নিলে পেয়ে যাবেন আলুর রস। সেটাই তুলোর সাহায্যে লাগিয়ে নিন।
আর চাইলে আপনি আলু পাতলা করে কেটে মুখে ব্যবহার করতে পারেন। আলুর রস শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। আর ঈদের আগেই পার্লারে না গিয়ে ঘরোয়া উপাদান ব্যবহারে হয়ে যান ব্রণের দাগহীন ত্বকের অধিকারী।












