কাতারে হামলা চালানোর হুমকি সৌদি বাদশাহ’র

প্রসঙ্গ এস-৪০০ ক্ষেপণাস্ত্র

845

অান্তর্জাতিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমান কাতারকে এই মর্মে সতর্ক করে দিয়েছেন যে, দোহা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে রিয়াদ। রাজা সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে লেখা এক চিঠিতে ওই হুঁশিয়ারি দিয়েছেন বলে ফ্রান্সের দৈনিক লা মন্ড জানিয়েছে।

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য কাতার যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন সৌদি বাদশাহ। প্রেসিডেন্ট ম্যাকরনকে লেখা চিঠিতে বাদশাহ সালমান বলেন, দোহা ‘এস-৪০০’ কিনলে মধ্যপ্রাচ্যে রিয়াদের নিরাপত্তা বিপন্ন হবে।

কাজেই কাতার যাতে এ ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতে ফরাসি প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন বাদশাহ সালমান। চিঠিতে সৌদি রাজা লিখেছেন, ‘(কাতার এস-৪০০ কিনলে) সৌদি আরব ওই ব্যবস্থা ধ্বংস করার জন্য সামরিক ব্যবস্থাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকবে।’

প্যারিস থেকে প্রকাশিত দৈনিক লা মন্ড এমন সময় এ খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনার জন্য সৌদি আরব নিজেই মস্কোর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে বলে খবর দিয়েছেন একজন সৌদি কূটনীতিক। মস্কোয় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি এ খবর দিয়ে জানিয়েছেন, দুই দেশ এ সংক্রান্ত চুক্তির কারিগরি দিক নিয়ে কাজ করছে।

সূত্র: আল জাজিরা