হঠাৎ উত্তর কোরিয়া সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

497

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই উত্তর কোরিয়ায় সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। বৃহস্পতিবার তিনি দেশটির রাজধানী পিয়ংইয়ং পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা। তিনি এমন এক সময়ে দেশটিতে সফর করছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রস্তাবিত শীর্ষ বৈঠক নিয়ে টানাপোড়েন চলছে। আগামী ১২ জুন আলোচিত ওই বৈঠকটি হওয়ার কথা ছিল।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোয়ের আমন্ত্রণে পিয়ংইয়ং সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। তবে এই সফরে তিনি কিমের সঙ্গে মিলিত হবেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া হঠাৎ করে তিনি কেন এ সফরে গেলেন সে বিষয়েও বিস্তারিত জানায়নি রাশিয়া বা উত্তর কোরিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের মাত্র দিন কয়েক আগেই উত্তর কোরিয়ায় সফর করেছে একটি মার্কিন প্রতিনিধি দল। কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতেই তারা পিয়ংইয়ং সফরে করেন।

এদিকে কিম-ট্রাম্প বৈঠক নিয়েও চলছে নানা টানাপোড়েন। আগামী ১২ জুন সিঙ্গাপুরে দুই নেতার মধ্যে এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (২৪ মে) কিমের সঙ্গে প্রস্তাবিত বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। কিমের কাছে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে বৈঠকের জন্য আমি খুবই উন্মুখ ছিলাম। দুঃখজনকভাবে, ভয়ানক ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতার ওপর ভিত্তি করে দেয়া আপনার অতি সাম্প্রতিক বিবৃতির প্রেক্ষিতে আমি মনে করি এটি বৈঠকের যথার্থ সময় নয়।’

ট্রাম্পের এ সিদ্ধান্তে উত্তর কোরিয়াসহ আন্তর্জাতিক বিশ্ব হতাশা প্রকাশ করে। এরপর গত শুক্রবার (২৫ মে) ট্রাম্প ১২ জুন সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন করে ইঙ্গিত দেন। তারপরই উত্তর কোরিয়া সফরে যায় মার্কিন প্রতিনিধি দল।

সূত্র: রয়টার্স