পাকিস্তানে তীব্র তাপদাহে ৬৫ জনের মৃত্যু

776

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে তীব্র দাবদাহে গেল তিনদিনে অন্তত ৬৫ জন মারা গেছে। এ তথ্য জানিয়েছে দেশটির দাতব্য সংস্থা ইধি ফাউন্ডেশন।

সংস্থাটির প্রধান ফয়সাল ইধি জানান, মৃতদের বেশির ভাগই লান্ধি ও কোরাঙ্গি এলাকার। এদের বয়স ৬ থেকে ৭৮ বছরের মধ্যে। বেশিরভাগ মানুষের মৃত্যু বাড়িতে হওয়ায় তারা সঠিক চিকিৎসা পায়নি বলেও জানান ফয়সাল।

গেল কয়েক দিন ধরে করাচিতে তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা রয়েছে। আগামীকাল পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

রবিবার পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর করাচিতে তীব্র গরমের সতর্কতা জারি করে। হিটস্ট্রোক এড়াতে দিনের বেলা ঘরের মধ্যে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।