জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

406

অান্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দূতাবাস স্থাপনকে কেন্দ্র করে চলমান ভূমি দিবসের বিক্ষোভ কর্মসূচি আরো জোড়ালো হয়।

এ দিকে বিক্ষোভ চলাকালীন সময়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৫৮ জন নিহত ও আহত হয়েছেন আড়াই হাজারের বেশি ফিলিস্তিনি। এদিন নিহত ৫৮ ফিলিস্তিনিকে নিয়ে মৃতের সংখ্যা এখন ১০০ ছাড়িয়েছে।

অন্যদিকে দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিল। এছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৮৬ দেশের দূতদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মাত্র ৩৩টি দেশ উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল।

তবে ট্রাম্পের আগের সব মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের প্রায় সব দেশ জেরুজালেমে ইসরায়েলি দূতাবাস চালু করা থেকে বিরত থেকেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই অবস্থান থেকে সরে গিয়ে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়ে শহরটিকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন।

এ দিকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা।

কায়রোভিত্তিক ২২টি আরব দেশের জোট আরব লিগ আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইসরায়েলকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার জেইদ রাদ আল হুসেইন ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলের তাজা গুলি বর্ষণ তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন।

এছাড়াও গাজায় ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। সূত্র: আল জাজিরা।