ঢাকা সংবাদদাতা: মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে মাদ্রাসার প্রিন্সিপালের মাথায় মল-মূত্র ঢেলে তাকে লাঞ্ছিত করেছেন পরাজিত এক প্রার্থী ও তার লোকজন। এ ঘটনায় রোববার সকালে ওই ইমাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত ইমাম আবু হানিফা (৫০) কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নেছারবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম।
স্থানীয়রা জানায়, গত ফেব্রুয়ারি কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচন হয়। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন এইচ এম মুজিবর ও জাহাঙ্গীর খন্দকার।
ইমাম আবু হানিফা মুজিবর রহমানের পক্ষ নেন। নির্বাচনে বিজয়ী হন মুজিবর। আর পরাজিত হন জাহাঙ্গীর খন্দকার।
ইমাম জানান, পরাজিত হয়ে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল জাহাঙ্গীর খন্দকার। গত শুক্রবার ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হলে তার পথরোধ করে পরাজিত প্রার্থী ও তার লোকজন।
একপর্যায়ে জাহাঙ্গীর খন্দকারের এক সহযোগী ইমাম আবু হানিফার হাত ধরে ফেলেন। আর ইমামকে ধরে রাখেন জাহাঙ্গীর খন্দকার। এ সময় তার আরেক সহযোগী হাঁড়িভর্তি মল-মূত্র এনে ইমাম আবু হানিফার মাথায় ঢেলে দেন। আর সেই ঘটনার দৃশ্যটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন তারা।
এদিকে মসজিদের ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
বাকেরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, মাদরাসার সুপার আবু হানিফা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।















