আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দীর্ঘ প্রতিক্ষীত শীর্ষ বৈঠকটি হবে সিঙ্গাপুরে। জুন মাসের ১২ তারিখে। এ কথা জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া তিন মার্কিন নাগরিককে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই কিমের সঙ্গে বৈঠকের এই সময় ও স্থান ঘোষণা করলেন তিনি।
বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, দুই নেতাই চেষ্টা করবেন যেন এ বৈঠকটি বিশ্বশান্তির জন্য একটা অনন্য মুহূর্ত হয়ে ওঠে। শীর্ষ বৈঠকটির লক্ষ্য হবে ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটা সম্ভাব্য সমাপ্তি নিয়ে আলোচনা করা।
উত্তর কোরিয়ার হাতে আটক থাকা তিনজন আমেরিকানের মুক্তির কয়েক ঘন্টা পরই ট্রাম্পের দিক থেকে এ ঘোষণা এলো।
উত্তর কোরিয়া সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিও স্থগিত করবে। ট্রাম্প প্রশাসন এর জন্য উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপকেই বার বার কৃতিত্ব দিয়েছে ।
তবে উত্তর কোরিয়া বলেছে, তাদের প্রশাসন এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে বলেই তাদের অবস্থানের এ পরিবর্তন।
এর আগে উত্তর কোরিয়ায় আটকে থাকা তিন আমেরিকান নাগরিকের মুক্তির পর তাদের ব্যক্তিগতভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প কিম হাক সং, টনি কিম এবং কিম ডং চোলকে ‘দারুণ মানুষ’ বলে অভিহিত করেন।
তাদের মুক্তির পেছনে ভূমিকা রাখাকে তিনি সম্মানের বলেও উল্লেখ করেন। মুক্তি পাওয়া তিনজনের দুইজন উত্তর কোরিয়ায় ইভানজেলিকাল খ্রিস্টানদের প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করতেন। তৃতীয় ব্যক্তি ছিলেন একজন খ্রিস্টান যাজক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পিয়ংইয়ং সফরকালে তাদের মুক্তি দেয়া হয়।
প্রসঙ্গত, ট্রাম্প-কিম বৈঠকটি যে সিঙ্গাপুরেই হচ্ছে এ বিষয়ে আগেই আভাস পাওয়া গিয়েছিল। উচ্চ পদস্থ এক মার্কিন কর্মকর্তা গত মাসের শেষ নাগাদ সাংবাদিকদের বলেছিলেন, দুই নেতার বৈঠকের ভেন্যু হিসেবে সম্ভাব্য স্থানগুলোর যে তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে সিঙ্গাপুরের অবস্থান উপরের দিকে। বৈঠকটি যে জুনেই হচ্ছে সে বিষয়েও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।
সূত্র: বিবিসি বাংলা















