৮ গুণী ব্যক্তিকে সন্দ্বীপ সমিতি ইউকের সম্মাননা প্রদান

698

ওয়ানবাংলানিউজ: প্রবাসে বসবাস করেও নিজ এলাকা সন্দ্বীপ ও সন্দ্বীপের মানুষের উন্নয়নে কাজ করার সম্বীকৃতি হিসেবে ৮ গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে সন্দ্বীপ সমিতি ইউকে। যুক্তরাজ্যে বসবাসরত সন্দ্বীপবাসীর এই সংগঠনটি গত ৫ মে শনিবার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সন্দ্বীপের কৃতি সন্তানদের হাতে সম্মাননা তুলে দেয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রথমত সন্দ্বীপ সমিতির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ মনির মাহমুদকে সন্দ্বীপ সমিতি আজীবন সম্মাননা প্রদান করে। পূর্ব লন্ডনের হেইলি ইউথ সেন্টারে অনুষ্ঠিত ওই আড়ম্বরপূর্ণ আয়োজনে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকেও অতিথিরা যোগ দিয়েছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে বিশেষ সম্মাননা জানানো হয় সন্দ্বীপ সমিতি ইউকের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ মনির মাহমুদকে। তাঁকে আজীবন সম্মাননা পদক দিয়ে যুক্তরাজ্যে সন্দ্বীববাসীর মধ্যে যোগসূত্র স্থাপন ও তাদের ঐক্যবদ্ধ করার অবদানের স্বীকৃতি দেয়া হয়। এছাড়া সন্দ্বীপবাসীর উন্নয়নে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকা প্রবাসী এস এম ফেরদৌস, ইতালি প্রবাসী কামাল পাশা মামুন ও প্রবাসী আব্দুল কাদের মিয়া। কাতার প্রবাসী নুরুল মোস্তফা খোকন এবং যুক্তরাজ্য প্রবাসী সুলতান আহমদ ও সোহরাব উদ্দিন। এছাড়া মরনোত্তার অ্যাওয়ার্ড প্রদান করা হয় শফিউল্লাহ ইঞ্জিনিয়ারকে।

সম্মাননাপ্রাপ্তরা তাঁদের স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সন্দ্বীপ সমিতি ইউকের নেতৃবৃন্দকে এমন অনন্য আয়োজনের জন্য ধন্যবাদ জানান। সেইসঙ্গে ভবিষ্যতেও সন্দ্বীপ ও সন্দ্বীপের মানুষের কল্যাণে দেশে-বিদেশে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আগে সংগঠনের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ মনির মাহমুদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ডঃ সরোয়ার জামিল। যৌথভাবে সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জাহিদুল আলম (সোহাগ) ও সাংগঠনিক সম্পাদক মনিরুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ জাকির হোসেন।

আলোচনা পর্বের সূচনাতে এক ভিডিও প্রদর্শণীর মাধ্যমে সংগঠনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়। এরপর সেক্রেটারি জাহিদুল আলম (সোহাগ) সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে রিপোর্ট পেশ করেন। আর্থিক প্রতিবেদন তুলে ধরেন ট্রেজারার জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডঃ আলাউদ্দিন, নিশাত খান মুনা ও সোহারাব উদ্দিন।

সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নুরজাহান ও জিল্লুর রহমান খান। ডিনারের পাশাপাশি সন্দ্বীপের ঐতিহ্যবাহী পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের।

অনুষ্ঠান সফল করতে প্রত্যক্ষ ভূমিকা রাখেন সংগঠনের সদস্য মোবারক হোসেন টিটু, আবু জাফর, মনিরুল হক রিপন, নুরুল মাওলা শামীম, সিদ্দিকুর রহমান, আশিকুর রহমান, রিয়াজুর রহমান রাসেল, মিসেস নাজমা, ফছিউদ্দিন গোফরান, ফরিদা ইয়াসমিন, নাসির উদ্দিন (১) নাসির উদ্দিন (২), ডঃ রায়হান, মনসুর ও শিল্পী এরশাদ প্রমুখ।