ঢাকা সংবাদদাতা: আজ ফের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আপিলের শুনানি হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১টা পর্যন্ত শুনানি চলার পর পরদিন পর্যন্ত তা মুলতবি করা হয়। আজ পুনরায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আপিলের শুনানি হবে।
খালেদা জিয়ার জামিন বাতিল প্রসঙ্গে সর্বোচ্চ আদালতের সামনে যুক্তি তুলে ধরেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুরুতেই পেপারবুক থেকে মামলাসংক্রান্ত বিষয় আদালতের কাছে পড়ে শোনান দুদকের আইনজীবী খুরশিদ আলম। এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে বিচারিক আদালত পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই লঘু দণ্ড জামিনের কোনো কারণ হতে পারে না। দুদক বিচারিক আদালতের এই লঘু দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেছে।
এর বাইরে খুরশিদ আলম আদালতে বিচারিক আদালতের কয়েকটি আদেশ পড়ে শোনান। তিনি বলেন, খালেদা জিয়া আদালতের অনুমতি না নিয়ে লন্ডনে গিয়েছিলেন। চিকিৎসার কোনো সনদপত্র খালেদা জিয়া আদালতে জমা দেননি বলেও জানান দুদকের আইনজীবী। এমনকি হাইকোর্টেও খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোনো সনদপত্র জমা দেয়া হয়নি।
এ সময় আদালত খুরশিদ আলমের কাছে প্রশ্ন রাখেন, বয়স ও অসুস্থতা জামিনের কোনো কারণ হতে পারে কি না? আদালতকে তিনি আরও বলেন, ‘দণ্ড হওয়ার পর বয়স জামিনের কারণ হতে পারে না। কারণ বয়স বিবেচনায় নিয়েই আদালত খালেদা জিয়ার সাজা কমিয়েছেন। একই কারণ দেখিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা জামিন চাইছেন।’
এরপর শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘হাইকোর্টে বিএনপির চেয়ারপার্সনের মামলার শুনানির জন্য পেপারবুক তৈরি হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কারাগারে খালেদা জিয়ার যথেষ্ট চিকিৎসা সেবা পাচ্ছেন।
রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর বেলা একটার দিকে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী জামিন বহাল রাখার ব্যাপারে যুক্তি উপস্থাপন শুরু করেন। বেলা সোয়া একটার দিকে শুনানি মুলতবি করেন আদালত।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খানসহ অনেকে।
গেলো ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং আসামিদের দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।















