ঢাকা সংবদদাতা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বৈঠক করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।
তবে আওয়ামী লীগের নেতারা এটিকে সৌজন্যমূলক নৈশভোজ বলে দাবি করছেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, নৈশভোজ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বার্নিকাটের পাঁচ মিনিট একান্ত বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো: জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যাফেয়ার্স সেকেন্ড সেক্রেটারি কাজী রহমান দস্তগীর ও জ্যাকব জে লেভিনসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিনিধিদলের এক সদস্য জানান, আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এ সময় কথা হয়েছে। সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি জানান, বার্নিকাট আমাদের বলেছেন গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনের প্রস্তুতি দেখতে গিয়েছিলাম এবং প্রার্থীদের সাথে কথা বলেছি। নির্বাচনী পরিবেশ আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে।















