একসঙ্গে ১৪০ জন শিশুকে বলি

828

আন্তর্জাতিক ডেস্ক: শুধুমাত্র দেবতাকে খুশি করতেই একসঙ্গে ১৪০ জনেরও বেশি শিশুকে বলি দিয়ে বের করে নেয়া হয়েছিল তাদের হৃদপিণ্ড। ধারণা করা হচ্ছে, মানবজাতির ইতিহাসে এত বড় শিশুবলির ঘটনা আর কোথাও ঘটেনি।

ন্যাশনাল জিওগ্রাফিক জানায়, দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তর উপকূলে ঘটেছিল এ ঘটনা। মাটি খুঁড়ে সেই বীভৎস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করলেন প্রত্নতত্ত্ববিদরা। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগের ঘটনা। শিশুদের পাশাপাশি ২০০ লামাকেও মেরে ফেলা হয়েছিল বলে জানা গিয়েছে।

এর আগে আজটেক, মায়া, ইনকা অনেক লাতিন আমেরিকান জনজাতির শিশু বলির কথা জেনেছে বিশ্ব। স্প্যানিশ কনকুইস্তাদোররা সেসব ভয়ঙ্কর ঘটনার কথা লিখেও গিয়েছেন। কিন্তু একসঙ্গে এত শিশুকে বলি দেওয়ার কথা জানা গেল ইতিহাসে প্রথমবারের মতো। আসলে লা লিবের্তাদ এলাকায় এর আগে চিমু নামে এক প্রাচীন উপজাতি বাস করতো। তারা চাঁদের উপাসক ছিল।

২০১১ সালে প্রথম এই ঘটনা সামনে আসে। ওই পাহাড়ের কাছেই একটি ৩৫০০ বছরের পুরনো মন্দির পাওয়া গেছিল। মন্দির খুঁড়তে বেরিয়ে এসেছিল ৭৬ টি লামার সঙ্গে ৪২টি শিশুরও দেহাংশ মিলেছিল। সেই থেকেই খোঁজ শুরু হয়।

এখানেই শেষ নয়, দেহাংশগুলো পরীক্ষা করে আরও তথ্য পাওয়া গেছে। শিশু ও পশু দুই ধরণের দেহাংশেই স্টারনাম হাড় ও পাঁজরের হাড় ভাঙা পাওয়া যায়। এর থেকে অনুমান, তাদের দেহ থেকে হৃদপিণ্ড বের করে নেয়া হয়েছিল। এরা মানববলির শিকার বলেই মনে করছেন বিজ্ঞানীরা। শিশুদের বয়স ছিল ৮ থেকে ১২ বছরের মধ্যে।