ইউটিউব দেখে একাই সন্তান প্রসব করলেন টিয়া

1231

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে যাচ্ছিলেন ছিলেন মার্কিন নাগরিক টিয়া ফ্রিম্যান। কিন্তু তুরস্কে যাত্রাবিরতির সময়েই ঘটে বিপত্তি। হঠাৎ করেই শুরু হয় তার প্রসব বেদনা। কিন্তু এই বিদেশ বিভূঁইয়ে কে তাকে সাহায্য করবে। যাবেনই বা কার কাছে তিনি। কিন্তু তাই বলে তিনি হাল ছাড়লেন না। ইউটিউব টিউটোরিয়ালের সাহায্যে হোটেল কক্ষে একা একাই সন্তান প্রসব করেছেন এবং এক ফুটফুটে সন্তানের মা হয়েছেন। আর এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

২২ বছরের টিয়া ফ্রিম্যান অন্তঃসত্ত্বা হয়েছিলেন। গত জানুয়ারিতেই তার পেটের সন্তানের বয়স তিন মাস পূর্ণ হয়েছিল।

টিয়া ভেবেছিলেন, মোটে তো ছয় মাস, এখন কি আর এমন সমস্যা হবে! কোনো সমস্যা ছাড়াই তিনি জার্মানিতে পৌঁছে যেতে পারবেন। সেখানে রয়েছেন তার বন্ধু জ্যাকব জনসন। তার সঙ্গে দেখা করার জন্যই সফর শুরু করেছিলেন টিয়া। এমনিতেও তিনি এই ভ্রমণ বাতিল করতে চাচ্ছিলেন না। কারণ, এসব ভ্রমণের বিমান টিকিট অনেক ব্যয়বহুল।

গত ৭ মার্চ টিয়া জার্মানির উদ্দেশে রওনা দেন। কিন্তু বিধি বাম। তুরস্কে যাত্রাবিরতিকালে তার প্রসব বেদনা শুরু হয়। এরপর ইউটিউবের সাহায্য নিয়ে একটি হোটেল কক্ষে কারও সাহায্য ছাড়াই ছেলেসন্তান জন্ম দেন। এই অবিশ্বাস্য ঘটনা নিয়ে টিয়া তার টুইটারে বেশ কয়েকটি পোস্ট দেন। সেখানে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি। এরপর সেগুলো ভাইরাল হয়ে যায়। বুধবার টিয়ার বন্ধু জ্যাকবও টুইটারে এ ঘটনার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।

সন্তান প্রসবের পর টিয়া বাথরুম পরিষ্কার করেন। এরপর তিনি তার সন্তানকে বুকের দুধ খাওয়ান। এরপর তারা ঘুমিয়ে পড়েন।

পরের দিন টিয়া এয়ারপোর্টে যান। তিনি কীভাবে তার সন্তানকে নিয়ে জার্মানি যেতে পারবেন, এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সব শুনে স্থানীয় কর্মকর্তারা ও টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।

এ ঘটনা ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের শিরোনাম করা হয়। এরপর টিয়াকে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নেয়া হয়। সেখানে তিনি নবজাতকের জন্মসনদ ও পাসপোর্টের জন্য আবেদন করেন। টিয়া তার ছেলের নাম রেখেছেন জাভিয়ার অ্যাটা ফ্রিম্যান। মা হওয়ার দুই সপ্তাহ পর সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন টিয়া।

সূত্র: ইন্টারনেট