ওয়ানবাংলা ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন কমনওয়েলথ নেতারা। তারা রোহিঙ্গা নিপীড়নে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের ঘোষণায় এ আহ্বান জানানো হয়।
কমনওয়েলথ সরকার প্রধানদের যৌথ বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইনে সব ধরনের সহিংসতা বন্ধ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, এবং স্বাধীন তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচারের আওতায় আনা।
আরো বলা হয়, নির্যাতনের মুখে পালিয়ে অস্তিত্ব সংকটে পড়া ১০ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে কমনওয়েলথ নেতারা। একই সঙ্গে কফি আনান নেতৃত্বাধীন কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নেও তাগাদা দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিরসনে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে তার দেয়া পাঁচ দফা প্রস্তাবও কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে তুলে ধরেন।
এবারের কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে ৫৩টি সদস্য দেশের মধ্যে ৪৬ জন সরকার প্রধান অংশ নিয়েছেন। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উইন্ডসর ক্যাসল ও ল্যানকাস্টার হাউজে কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেন।














