কোটা আন্দোলন: ঢাবির ভাস্কর্যের চোখে কালো কাপড়

573

ঢাকা সংবাদাদতা: কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাস্কর্যগুলোর চোখে কালো কাপড় বেঁধে দেয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের অপরাজেয় বাংলা, টিএসসির রাজু ভাস্কর্য এবং মধুর ক্যান্টিনের সামনে ভাস্কর্যগুলোর চোখে কালো কাপড় দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাওয়া গেছে। তবে কারা ভাস্কর্যগুলোর চোখে কালো কাপড় বেঁধে দিয়েছে তা নিশ্চিত করা যায়নি।

জানতে চাইলে কয়েকজন শিক্ষার্থীর জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানাতে হয় তো এই অভিনব পদ্ধতি বেছে নেয়া হয়েছে। তবে তারা সুনির্দিষ্টভাবে কোনো সংগঠন বা ব্যক্তির নাম উল্লেখ করতে পারেননি।

ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি বলেন, এ কর্মকাণ্ডের প্রতীকী অর্থ থাকতে পারে। তবে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন কর্মকাণ্ড অযৌক্তিক বলেই মনে হয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি আমি এখনও জানি না। খোঁজ নিয়ে দেখছি’।