শ্রীলঙ্কান পার্লামেন্টের কার্যক্রম স্থগিত

660

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দ্বন্দের জেরে আগামী মাস পর্যন্ত পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করেছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে ওই নির্দেশনায় বলা হয়, সংবিধানের ৭০ ধারা অনুযায়ী পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেয়া হলো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।

ওই নির্দেশনায় আরও বলা হয়, এই স্থগিতাদেশ বহাল থাকবে আগামী ৮মে পর্যন্ত।

শ্রীলঙ্কান মন্ত্রীসভার ছয় কেবিনেট মন্ত্রীসহ ১৬জন বিশ্বস্ত নেতা ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেন প্রেসিডেন্ট সিরিসেনা।

প্রসঙ্গত, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী রানিল ভিকরেমসিংহের ক্ষমতা খর্ব করেন প্রেসিডেন্ট। কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় নীতি-নির্ধারণী বিষয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কেড়ে নেয়া হয়।