রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

484

ঢাকা সংবাদদাতা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এবার যোগ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া কোটা আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে।

কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার রাজধানীর কুড়িল-বিশ্বরোড বসুন্ধরা গেট, নর্দা-প্রগতি সরণির রাস্তা অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ আন্দোলনে যোগ দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ডেফোডিল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার একই দাবিতে রামপুরায় আন্দোলন করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব সড়কে শিক্ষার্থীদের অবরোধের মুখে বাস চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে যমুনা ফিউচার পার্কের সামনে হাজার হাজার মানুষ আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ঢাবি এলাকায় শুরু হওয়া এ আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। রবিবার ও সোমবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে চাকরিপ্রার্থী শিক্ষিত বেকার যুবকরাও যোগ দেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার সচিবালয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠকে ওবায়দুল কাদের কোটা সংস্কারের বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে এক মাসের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত হয়। কিন্তু সাধারণ আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত মানতে নারাজ। তারা সোমবার বিকেলেই এ নিয়ে বিক্ষোভ করেছেন। সাধারণ শিক্ষার্থীরা বলেন, আগামী মাসে অধিকাংশ শিক্ষার্থীর পরীক্ষা ও রোজা। এ পরিকল্পনা মাথায় নিয়ে মুলো ঝুলিয়েছে সরকার। আমরা এ সিদ্ধান্ত মানি না। অন্তত কোটা সংস্কারের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে।

এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড়, শাহবাগ মোড়সহ সব হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। রোকেয়া হলের সামনে লাঠি হাতে অবস্থান নেন ছাত্রীরা।

এদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে তাদের থামাতে চেয়েছিল সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে মলচত্বরে অবস্থান নেয় ছাত্রলীগ। পরিস্থিতি এখনও থমথমে। ঢাবিতে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।