ঢাকা সংবাদদাতা: মাদারীপুরের কালিকাপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা উভয় গ্রুপের ২৫টি বসতঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে উভয় পক্ষের কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে।
স্থানীয়রা ও পুলিশ জানান, সদর উপজেলা কালিকাপুর এলাকায় দীর্ঘদিন ধরে কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ আকনের সাথে একই ইউনিয়নের শাহেবালি মাদবরের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।
এর জের ধরেই সোমবার রাতে উভয় গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এসময় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং শতাধিক বোমার বিস্ফোরণ ঘটনায়। এছাড়াও কমপক্ষে ২৫টি বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান কালু খানের অনুসারী এক গ্রুপের এবং অপর গ্রুপ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের অনুসারী।















