স্পোর্টস ডেস্ক: আরো একবার জমজমাট হলো টেস্ট ক্রিকেট। ড্র টেস্টও যে এমন উত্তেজক রূপ নিতে পারে, তা বোঝা গেল হ্যাগলি ওভালে৷ শেষ দিনে ক্রাইস্টচার্চ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর হাতছানি ছিল ইংল্যান্ডের সামনে৷ তবে কিউই টেলএন্ডারদের প্রতিরোধ জিততে দিল না ব্রিটিশদের৷ দিনের শেষ দু’ঘণ্টায় ওয়াগনার-সোধি জুটি নিশ্ছিদ্র দেওয়াল গড়ে নিউজিল্যান্ডের পরাজয় রোধ করে৷ একই সঙ্গে দলের সিরিজ জয় নিশ্চিত করে৷
শুরুটা ভালো না হলেও ক্রাইস্টচার্চের প্রথম দিন থেকেই ম্যাচের রাশ ছিল ইংল্যান্ডের হাতে৷ প্রথম ইনিংসে ৩০৭ রানের জবাবে ব্রিটিশরা নিউজিল্যান্ডকে অলআউট করে ২৭৮ রানে৷ ২৯ রানের সংক্ষিপ্ত লিড নিয়ে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা ইংল্যান্ড ৯ উইকেটে ৩৫২ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়৷
জয়ের জন্য ৩৮২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ৪২ রান তুলেছিল৷ তার পর থেকে খেলতে নেমে পঞ্চম দিনের প্রথম ওভারেই নিউজিল্যান্ড হারিয়ে বসে জিৎ রাভাল (১৭) ও দলনায়ক কেন উইলিয়ামসনের উইকেট৷ টম লাথাম এক প্রান্ত আঁকড়ে ৮৩ রান করলেও রস টেলর (১৩), হেনরি নিকোলস (১৩), বিজে ওয়াটলিংরা (১৯) খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি৷
এরপর লাথামও ব্যক্তিগত ৮৩ রানে বিদায় নিলে কিউই শিবিরে হতাশা সৃষ্টি হয়। সপ্তম উইকেট জুটিতে কলিন ডি গ্র্যান্ডহোম ও সোধি দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু গ্র্যান্ডহোমের ৪৫ রানের বিদায়ে আবারও বিপাকে পড়ে দলটি। তবে সমর্থকদের হতাশ করেননি সোধি ও ওয়াগনার জুটি। এ জুটিতে রান এসেছে মাত্র ৩৭। কিন্তু কাঁদিয়ে ছেড়েছেন ইংলিশ বোলারদের। সফরকারীদের স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছেন তাদের মন্থর ব্যাটিংয়ে।
১৬৮ বল মোকাবেলা করে ৯টি চারের সাহায্যে ৫৬ রান করে অপরাজিত থাকেন সোধি। আর ১০৩ বল খেলে একটি চারে মাত্র ৭ রান করলেও ওয়াগনার দলকে ঠিকই বাঁচাতে পেরেছেন। তিনি জো রুটের বলে আউট হলেও আম্পায়াররা ম্যাচটি আর মাঠে গড়াতে দেননি।
প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৭ উইকেট পাওয়া টিম সাউদি ম্যাচ সেরা হয়েছে। আর পুরো সিরিজে অসাধারণ বোলিং করা আরেক পেসার ট্রেন্ট বোল্ট সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন।















