সিলেট মিরাবাজারে মা-ছেলেকে জবাই করে হত্যা

958

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর মিরাবাজারে মা-ছেলেকে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার তিনতলা বাড়ির নিচ তলা থেকে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। খুন হওয়া দুজন হলেন মা রোকেয়া বেগম ও ছেলে রবিউল ইসলাম রোকন।

স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে রোকেয়া বেগমের পাঁচ বছরের মেয়ে রাইসার কান্না ও পঁচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত রোকেয়ার সিলেট শহরে একটি বিউটি পার্লার আছে। তার স্বামী হেলাল আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর ছেলে রোকন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, তিনি ঘটনাস্থলে আছেন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি জানান, ‘কয়েকদিন আগে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে তারা। পুলিশ ঘটনাস্থলে আছে। সিআইডিকেও আসতে বলা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’