ছোট মেয়ের বিয়ে দিয়ে বড় মেয়ের মরদেহ দেখতে এলেন মা

955

ঢাকা সংবাদদাতা: স্বামীর হাতে খুন হয় বড় মেয়ে রিমা। আরেকদিকে বাড়িতে ছোট মেয়ের বিয়ে। এমন অবস্থায় ছোট মেয়ের বিয়ে সম্পন্ন করেই মা জোসনা বেগম ছোটে আসেন উদ্ধারকৃত রিমার লাশ দেখতে। কিন্তু ততক্ষণে স্থানীয়রা মরদেহ দাফন করে ফেলেছেন।

ফতুল্লায় স্বামীর হাতে খুন হওয়া সেই রিমার মা জোসনা বেগম বিলাপ কান্নায় এসব কথা বলছিলেন। জানা যায়, জোসনা বেগমের বাড়ি পাবনা সদর উপজেলার সাধুপাড়া এলাকায়। রাতেই রিমা হত্যার ঘটনায় জোসনা বেগম বাদী হয়ে জামাই আলামিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আলামিনের মা ও বোন হত্যাকাণ্ডে জড়িত বলে উল্লেখ রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরেই রিমার উপর তার স্বামী আলামিন, শাশুড়ি জোবেদা বেগম ও ননদ বুবলি মিলে অত্যাচার করছিল। সেই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে।

জোসনা বেগম জানান, ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে রিমা সবার বড়। ১৪ বছর আগে তাদের পরিবার ফতুল্লার কোতোয়ালের বাগ এলাকায় বসবাস করতো। ৩ বছর আগে একটি গার্মেন্টে কাজ করার সময় আলামিনের সঙ্গে প্রেমের সম্পর্কে রিমার বিয়ে হয়। এরই মধ্যে রিমার পরিবার পাবনা চলে যান।

বিয়ের পর থেকে রিমার উপর অত্যাচার নির্যাতন শুরু করে আলামিন। শাশুড়ি জোবেদা বেগম ও ননদ বুবলিসহ স্বামী আলামিন মিলে রিমাকে মারধরের পাশাপাশি নির্যাতন করে চুল কেটে দেয়। এসব কারণে তিন মাস আগে রিমা তার বাবার বাড়িতে চলে যায়। গত ২০ দিন আগে আলামিন ও তার বোন বুবলি মিলে পাবনা গিয়ে বুঝিয়ে রিমাকে নিয়ে আসে। তখন আলামিনের কাছে ২০ হাজার টাকাও দেয়া হয়।

জোসনা বেগম বলেন, বৃহস্পতিবার ২৯ মার্চ ছিল আমার ছোট মেয়ের বিয়ে। ১০ দিন আগে আমি ফোন করে রিমা ও তার স্বামীকে দাওয়াত দিই। তখন আমার মেয়ে রিমা জানান যে তার স্বামীর হাতে টাকা নাই। ১০ হাজার টাকাও পাঠাতে বলে। আমি সে টাকাও পাঠাই। কিন্তু বুধবার শুনি রিমাকে মেরে ফেলেছে। ছোট মেয়ের বিয়ের কারণেই পরিবারের লোকজনের ফতুল্লায় আসতে বিলম্ব হয়।