ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের মন্ত্রী, এমপি, কূটনীতিক ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন।
বিভিন্ন দেশের কূটনীতিক, ব্রিটিশ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বুদ্ধিজীবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এ উপলক্ষে হাই কমিশন আয়োজন করে এক রিসিপশন অনুষ্ঠান।
ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বল্ডন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান স্টিফেন টুইগ এমপি, লিজ ম্যাকিনিজ এমপি, পল স্কালি এমপি, জিম ফিটজ্প্যট্রিক এমপি, লর্ড শেখ, লর্ড বিলিমোরিয়া। হাই কমিশনার মো: নাজমুল কাউনাইন আগত অতিথিদের অনুষ্ঠানে স্বাগত জানান।
হাই কমিশনার বাংলাদেশের সাম্প্রতিক আর্থ সামাজিক উন্নয়নের বিস্তারিত চিত্র তুলে ধরেন তাঁর বক্তৃতায়। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়ে উঠা বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন ও গণতন্ত্রের প্রতিষ্ঠানিকীকরণ নিশ্চিত করে উন্নয়নের মহাসড়কে আরোহন করেছে। গত ১৫ মার্চ বাংলাদেশ-ব্রিটেনের মধ্যে কৌশলগত সংলাপ (Strategic Dialogue) অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ টেনে হাই কমিশনার বলেন, এর মাধ্যমে দু‘দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরো গভীরতর, দৃশ্যমান ও উষ্ণতর হয়েছে।
ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বল্ডন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস ও মৌলবাদ মোকাবেলায় দৃঢ় অংগীকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাহসী ও মানবিক ভূমিকায় ধন্যবাদ জানান। মন্ত্রী লর্ড আহমেদ সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন ও তাঁর নিজের ঢাকা সফরের বিষয় তুলে ধরে বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ব্রিটেন অভিভূত। তিনি ব্রিটেনে কর্মরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।















