বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন নায়িকা সোনম কাপুর এবারও কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। হাঁটবেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই উৎসবের লাল গালিচায়। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।
আগামী ৮ মে থেকে শুরু হচ্ছে কান উৎসব। ফ্রান্সের নদী ঘেরা শহর কানে অনুষ্ঠিতব্য এই আয়োজন চলবে ২০ মে পর্যন্ত। এতে অংশ নেবে বিশ্বের জনপ্রিয় অনেক তারকা। সঙ্গে চলবে সেরা চলচ্চিত্রগুলোর প্রতিযোগিতা। তবে কানের অন্যতম আকর্ষণ লাল গালিচা। চলচ্চিত্র দুনিয়ায় অন্যতম সম্মান এই লাল গালিচায় হাঁটা।
গতবারের মতো এবারও বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে কানে অংশ নেবেন সোনম কাপুর। গত বছর তার সঙ্গে ঐশ্বরিয়া রাই ও দীপিকা পাড়ুকোনও একই প্রতিষ্ঠানের হয়ে কানের লাল গালিচায় হাঁটেন। তবে এবার তারা অংশ নিচ্ছেন কিনা, সেই বিষয়ে এখনও জানা যায়নি।
এদিকে আগামী ১১ মে বিয়ে করছেন সোনম। প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। সুইজারল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিং করবেন তারা। এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।













