যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করে কনস্যুলেট অফিস বন্ধ করে দিল রাশিয়া

725

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইটের জবাবে পাটকেল ছুঁড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাজ্যে এক গুপ্তচরকে বিষপ্রয়োগ ইস্যুতে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় রাশিয়াও যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার এবং সেন্ট পিটার্সবার্গে দেশটির কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ ঘোষণা দেন। খবর বিবিসির।

প্রসঙ্গত, গত ৪ মার্চ যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) এবং তার মেয়ে ইউলিয়াকে (৩৩) বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। মস্কোর নির্দেশেই এই ঘটনা দাবি করে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার নির্দেশ দেন। একসঙ্গে সিয়াটলের রুশ কনস্যুলেটও বন্ধের আদেশ দেন। যার প্রতিক্রিয়ায় এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া।

মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাব হিসেবে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে।

সের্গেই লাভরভ বলেন, সমান সংখ্যক কূটনীতিক বহিষ্কার এবং সেন্ট পিটার্সবার্গে ইউএস কনস্যুলেট জেনারেলের কার্যক্রমের অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা।

সূত্র: বিবিসি