ভারতের মন্ত্রীর বোনকে নিয়ে বাংলাদেশি যুবক উধাও

791

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মন্ত্রী এস পি সিং বাঘেল-এর নাবালিকা বোনকে অপহরণের অভিযোগ উঠেছে এক বাংলাদেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ, প্রেমের জালে ফাঁসিয়ে ওই কিশোরীকে নিয়ে পালিয়েছে যুবক।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সম্পদ অধিকারী নামের ওই যুবক উত্তরপ্রদেশ থেকে মন্ত্রীর ১৬ বছর বয়সের বোনকে নিয়ে পালিয়ে আসে উত্তর ২৪ পরগনায়। প্রথমে বারাসতে এসে ঠাঁই নিলেও পরে আর তাদের সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে ইউপি পুলিশকে সঙ্গে নিয়ে বোনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন মন্ত্রী ও তাঁর ভাইয়েরা। সমস্ত রাজ্যে দু’জনের ছবি দিয়ে চিরুনি অভিযান শুরু হয়েছে। ভারত-বাংলাদেশের সীমান্তেও নজরদারি চালানো হয়েছে।

বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা সম্পদ। তার আত্মীয়দের থেকে জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে চলে আসে সম্পদ। এসে বারাসতের কানাপুকুর এলাকায় জমি কিনে বাড়িও তৈরি করে। তারপর সেই বাড়ি ভাড়ায় দিয়ে উত্তরপ্রদেশে বোনের কাছে চলে যায়। নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে বোনের জামাইয়ের ওষুধের দোকানে বসত। এলাকায় হাতুড়ে ডাক্তার হিসেবে নামডাকও হয়। সেখান থেকেই মন্ত্রীর বোনের সঙ্গে পরিচয়।

অভিযোগ, ১৬ মার্চ মন্ত্রীর নাবালিকা বোনকে নিয়ে বিমানে চেপে কলকাতায় চলে আসে সম্পদ। খোঁজ খবর নিয়ে পরের দিনই কলকাতায় আসেন মন্ত্রী এস পি সিং বাঘেল-এর ভাই ও ইউপি পুলিশ। প্রথমেই তাঁরা বারাসতের কানাপুকুরে সম্পদের বাড়িতে হানা দেন। সেখান থেকে এলাকার কয়েকজন যুবক ও সম্পদের দুই আত্মীয়-সহ মোট ছয়অ জনকে আটক করেন।

স্থানীয়রা জানান, ১৭ তারিখ রাতে সশস্ত্র কয়েকজন সম্পদের খোঁজে এসে ওই এলাকায় তাণ্ডব চালিয়েছেন। খবরটি স্থানীয় কাউন্সিলর চম্পক দাসের কানে যায়। বিষয়টি জানার পর ইউপি পুলিশ ও মন্ত্রীর ভাইয়ের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই গোটা ঘটনা সামনে আসে।

এই প্রসঙ্গে মন্ত্রীর ভাই নীরজ সিং জানিয়েছেন, সম্পদের সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। বাংলাদেশে সম্পদের বাবা-মা থাকেন। সেখানে ইতি আধিকারী নামে স্ত্রীও রয়েছে তার। তা সত্ত্বেও মন্ত্রীর ১৬ বছরের বোনকে ফুঁসলে নিয়ে পালিয়েছে সে। নিজেকে খুব ধনী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছিল সম্পদ। বারাসত, সুভাষনগর, বনগাঁ-সহ সম্পদের সমস্ত আত্মীয়দের বাড়িতে অভিযান চালায় ইউপি পুলিশ।

বিষয়টি নিয়ে বারাসতের কাউন্সিলর চম্পক দাস জানিয়েছেন, মন্ত্রী এস পি সিং নিজে ফোন করেছিলেন। আমরা সব রকম সাহায্য করছি। সম্প্রতি জানা গিয়েছে, এলাহাবাদে এক আত্মীয়র আশ্রয়ে রয়েছে তারা। সেখানেও খোঁজ শুরু করেছে ইউপি পুলিশ।