ক্ষমতায় যাওয়ার জন্য উই আর রেডি: এরশাদ

572

নিজস্ব প্রতিবেদক: আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। জাতীয় পার্টি আবারও জেগে উঠেছে। জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। রাজনীতিতে বয়স হলেও আমার মাথা ঠিক আছে। ক্ষমতায় যাওয়ার জন্য উই আর রেডি।

বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা ২০-২৫ বছর ক্ষমতায় ছিলাম না। জনগণ কী পেয়েছে? দুই জন দেশকে কী দিয়েছে? আমরা আগামী নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করবো। নির্বাচনের জন্য আমরা সম্পর্ণরূপে প্রস্তুত আছি। আমরা ক্ষমতায় গেলে মানুষ নিরাপত্তা পাবে। দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।

তিনি বলেন, আমাদের এই মহাসমাবেশে যত লোক হয়েছে, তাতে প্রমাণ হয় যে, জাতীয় পার্টির সমর্থন এখনো অনেক বেশি। ঢাকা শহর জাতীয় পার্টি সমর্থকদের ভিড়ে অবরুদ্ধ। মানুষ চলাচল করতে পারছে না। আমরা প্রমাণ করেছি জাতীয় পার্টি আছে।

এরশাদ বলেন, আগামীতে জাতীয় পার্টি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া জন্য জাতীয় পার্টি প্রস্তুত। আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জাপা।

নির্বাচনের বছরে সব রেকর্ড ভেঙে দিয়ে বড় ধরনের শোডাউন করতে মহাসমাবেশের আয়োজন করেছে জাতীয় সংসদে বিরোধী দলটি।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। বেলা ১১টায় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশকে ঘিরে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়। নগরীর প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয় একাধিক তোরণ।

মূল দল ছাড়াও জাতীয় মহিলা পার্টি, শ্রমিক পার্টি, কৃষক পার্টি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টিসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।

জাতীয় পার্টির একাধিক নেতা জানান, ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর ছাড়াও দোহার, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, সেনারগাঁও, নরসিংদী, সাভার, ধামরাই, কালীগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জসহ ঢাকার আশেপাশের এলাকা থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশে অংশ নিয়েছেন। এছাড়া বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন।

১৯৮২ সালের এই দিনে, এক রক্তপাতহীন অভ্যূত্থানের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ।