স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। চলতি বছরের জুনেই রাশিয়ার মাটিতে হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। এরই মধ্যে দল গুছিয়ে ফেলছে ৩২টি ফুটবল দেশ। পাশাপাশি অনেক দলগুলোর জার্সিতেও থাকছে এবার পরিবর্তন।
রাশিয়া বিশ্বকাপে এবার নীল নয়, আর্জেন্টিনা খেলবে কালো জার্সিতে। এর আগে অ্যাওয়ে জার্সিতে সবসময় নীল পোশাকে মাঠে নামতো আর্জেন্টিনা। যা গত বিশ্বকাপের ফাইনালেও দেখা গিয়েছিল। তবে ইতিহাস ভেঙে প্রথমবারের মতো কালো জার্সিতে দেখা যাবে মেসি-আগুয়েরোদের।
ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস নয়টি দেশের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া, জার্মানি, বেলজিয়াম, মেক্সিকো, রাশিয়া, সুইডেন ও জাপান।
এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জার্সিটি তৈরি করা হয়েছে ১৯৯০ বিশ্বকাপের আদলে। আর স্পেনেরটি আশির দশকের শেষের দিকে জার্সির আদলে। শুক্রবার এ দু’দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে।















